সর্বশেষ :
19 Oct 2026, Mon

দেশসেরা ১০০ মাদ্রাসার তালিকায় স্থান পেল লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, অর্জন ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের পদক-২০২৬’

বেলাল আহমদ, লামা (বান্দরবান): সারা দেশের ফাজিল ও কামিল পর্যায়ের মাদ্রাসাগুলোর মধ্য থেকে নির্বাচিত দেশসেরা ১০০টি মাদ্রাসার তালিকায় স্থান করে নিয়েছে বান্দরবানের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। শিক্ষার মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটিকে ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের পদক-২০২৬’ প্রদান করা হয়েছে।

১৯৭৬ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসায় বর্তমানে প্রায় ৫০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে।

মঙ্গলবার (৩০ জুন) ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান-এর হাত থেকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের এই সম্মাননা গ্রহণ করেন মাদ্রাসার সহকারী অধ্যাপক ও একাডেমিক প্রধান মো. তমিজ উদ্দিন।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার এ গৌরবময় অর্জনের প্রশংসা করেন এবং পাহাড়ি জনপদে শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্য কামনা করেন।

মাদ্রাসাটির এই অনন্য অর্জনে লামা উপজেলা ও সমগ্র বান্দরবান জেলার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন বলেন, লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার এই গৌরবময় অর্জনে আমরা অত্যন্ত গর্বিত। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি এ ধারাবাহিক সাফল্য বজায় রাখবে বলে আমরা প্রত্যাশা করি।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *