মো. রাশেদুল ইসলাম (নাটোর): জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় নাটোর জেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু হয়েছে।
জেলার ৫২টি ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডে স্থাপিত মোট ১ হাজার ৩৮৮টি কেন্দ্রের মাধ্যমে রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে এ কার্যক্রম শুরু হয়। নাটোর শহরের বজ্রসুন্দরী স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। এবারের ক্যাম্পেইনে জেলায় মোট ২ লাখ ৪৮ হাজার ৫৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ হোসেনসহ জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা।
জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান জানান, নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। তিনি বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, রাতকানা রোগ প্রতিরোধ এবং পুষ্টিহীনতা দূরীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সী সব শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় এনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

