দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মুন্সিকান্দা এলাকায় অবৈধ কারখানা স্থাপনকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এতে ফ্রান্স প্রবাসী তাইবুর রহমান (৪৫) সহ অন্তত ৬ জন আহত হয়েছেন। গত শুক্রবার (১৮ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। পরে শনিবার (১৯ জুন) দোহার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঘারমোড়া গ্রামের সুতারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুলতানুজ্জামান কামরাঙ্গীরচর এলাকা থেকে সহযোগীদের নিয়ে মুন্সিকান্দা গ্রামের পাশে একটি জমিতে অবৈধভাবে কারখানা স্থাপন করেন। সেখানে পুরাতন সিলভার, চোরাই বৈদ্যুতিক তার ও প্লাস্টিক গলিয়ে পণ্য তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। এতে এলাকায় বিষাক্ত ধোঁয়া ও গ্যাস ছড়িয়ে স্থানীয়দের মধ্যে স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়।
পরবর্তীতে শুক্রবার দুপুরে স্থানীয়রা কারখানাটি বন্ধের দাবিতে সেখানে জড়ো হন। এ সময় ফ্রান্স প্রবাসী তাইবুর রহমান ঘটনাস্থলে গেলে অভিযুক্ত সুলতানুজ্জামান তাকে ব্যবসায় অংশীদার হওয়ার প্রস্তাব দেন। তিনি প্রস্তাবে রাজি না হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পরে আরও লোকজনকে ঘটনাস্থলে ডাকা হয়।
একপর্যায়ে দুপুর আনুমানিক ২টার দিকে ২০টির বেশি মোটরসাইকেলে করে ৪০/৪২ জন লোক ঘটনাস্থলে এসে হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এ সময় আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। এতে তাইবুর রহমানের বাম হাতে গুলি লাগে এবং পরে তাকে মারধরও করা হয়।
এ ঘটনায় আরও আহত হন ফরিদ (৩০), নিশাত (৩৬), বর্ষণ (১৪), রায়হান (২৫) ও অপু মুন্সি (৩৯)। আহতদের মধ্যে ফরিদের হাত ভেঙে গেলে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেয়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

