বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে কোয়ান্টাম ফাউন্ডেশনের বৃদ্ধাশ্রমের জায়গার সীমানা নির্ধারণ ও মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জায়গা-সংক্রান্ত কাগজপত্র যাচাইয়ের জন্য ডাকা একটি সালিশি বৈঠকে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কোয়ান্টাম ফাউন্ডেশনের বৃদ্ধাশ্রমের জায়গার সীমানা নিয়ে স্থানীয় গফুর ম্যানেজারের পক্ষের সঙ্গে কোয়ান্টাম কর্তৃপক্ষের বিরোধ চলে আসছিল। এ বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে উভয় পক্ষকে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও দলিল-দস্তাবেজসহ একটি সালিশি বৈঠকে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়।
বৈঠকে গফুর ম্যানেজার, কামাল উদ্দিন, কালা আনোয়ার, শাহ মিয়া, মোহাম্মদ রায়হান, কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কোয়ান্টাম ফাউন্ডেশনের ইনচার্জ আসাদুল ইসলাম অভিযোগ করে বলেন, সালিশি বৈঠকে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী উভয় পক্ষের কাগজপত্র ও দলিল উপস্থাপনের কথা ছিল। আমরা কোয়ান্টামের পক্ষ থেকে সব বৈধ কাগজপত্র উপস্থাপন করেছি। কিন্তু গফুর ম্যানেজার কোনো কাগজপত্র দেখাতে পারেননি। একপর্যায়ে কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়ে তিনি আমাদের লোকজনকে মারধর শুরু করেন। এরপর উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
তবে এ বিষয়ে গফুর ম্যানেজারের বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

