বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারণ মানুষের চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে দীর্ঘ ৮ বছর পর চালু হলো ডেন্টাল ইউনিট ও আল্ট্রাসনোগ্রাফি সেবা। বুধবার (১৭ জুন) সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই দুটি গুরুত্বপূর্ণ সেবার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন সেবা কার্যক্রমের উদ্বোধন ও ফলক উন্মোচন করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম। এ সময় আরও উপস্থিত ছিলেন লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন আমু।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মঈন উদ্দিন বলেন, বান্দরবানের সংসদ সদস্য সাচিংপ্রু জেরির আন্তরিক প্রচেষ্টায় লামা উপজেলার সাধারণ ও প্রান্তিক মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার ও স্বাস্থ্য বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডেন্টাল ইউনিট ও আল্ট্রাসনোগ্রাফি সেবা চালু হওয়ায় স্থানীয় রোগীদের আর দূরে যেতে হবে না। তারা এখন নিজ এলাকার কাছেই স্বল্প খরচে আধুনিক চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
সভাপতির বক্তব্যে ডা. গোলাম মোস্তফা নাদিম বলেন, দীর্ঘ ৮ বছর পর এই দুটি সেবা পুনরায় চালু হলো। এ অঞ্চলের মানুষের আধুনিক ডেন্টাল ও আল্ট্রাসনোগ্রাফি সেবার দীর্ঘদিনের চাহিদা ছিল। আজ থেকে এই সেবাগুলো চালু হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার পরিধি আরও এক ধাপ এগিয়ে গেল। আমরা সাধারণ মানুষের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, নার্স, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নামমাত্র ফিতে নতুন এই দুটি সেবা চালু হওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আনন্দ ও স্বস্তির সৃষ্টি হয়েছে।

