সর্বশেষ :
19 Oct 2026, Mon

হিজরি নববর্ষে নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ

হিজরি নববর্ষে নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ

পবিত্র কাবা শরিফে নতুন গিলাফ (কিসওয়া) স্থাপন করা হয়েছে। সোমবার (১৫ জুন) আরবি নতুন বছর ১৪৪৮ হিজরির প্রথম দিন উপলক্ষে পুরোনো গিলাফ সরিয়ে নতুন গিলাফে আচ্ছাদিত করা হয় কাবা শরিফ।

মসজিদুল হারাম ও মসজিদে নববীর কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, গত কয়েক বছর ধরে হিজরি নববর্ষের প্রথম দিন কাবার গিলাফ পরিবর্তন করা হচ্ছে। এ বছরও রাজপরিবারের প্রতিনিধি ও দুই পবিত্র মসজিদের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম সম্পন্ন হয়।

সৌদি আরবের আল জৌদ এলাকায় অবস্থিত কিং আব্দুল আজিজ কমপ্লেক্সে প্রায় ১১ মাস সময় ধরে শতাধিক দক্ষ কারিগর নতুন গিলাফটি তৈরি করেন। ৪৭ টুকরো উন্নতমানের রেশমি কাপড়ে তৈরি এই গিলাফে কোরআনের ৬৮টি আয়াত খোদাই করা হয়েছে। এতে প্রায় ১২০ কেজি ২৪ ক্যারেট স্বর্ণ এবং ১০০ কেজি রুপার সুতা ব্যবহার করা হয়েছে।

প্রায় ১ হাজার ৪১৫ কিলোগ্রাম ওজনের গিলাফটি সাতটি ধাপে প্রস্তুত করা হয়। পরে এটি বিশেষ ব্যবস্থায় মসজিদুল হারামের মাতাফ প্রাঙ্গণে পৌঁছে দেওয়া হয়।

প্রচলিত নিয়ম অনুযায়ী, নতুন গিলাফটি কাবা শরিফের দায়িত্বপ্রাপ্ত খাদেমদের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, পুরোনো গিলাফ ছোট ছোট অংশে কেটে বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপহার হিসেবে বিতরণ করা হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *