লামা (বান্দরবান): বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তির ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে মোজাফফর আহমদ (৫৩) নামে এক ব্যক্তিকে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
গত ৬ জুন দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ৫ নম্বর সরই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বটতলী পাড়ায় ছালামের দোকানের সামনে ইটের রাস্তার ওপর এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১৪ জুন লামা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার ও প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) সূত্রে জানা যায়, সরই ইউনিয়নের বটতলী পাড়ার বাসিন্দা মোজাফফর আহমদের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন তিনি কেয়াঁজুপাড়া বাজারে যাওয়ার পথে ওত পেতে থাকা কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র, লোহার রড ও ছুরি নিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, হামলার সময় কয়েকজন অভিযুক্ত তাকে ধরে রাখে এবং ধারালো অস্ত্র ও অন্যান্য উপকরণ দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে পাশের একটি মৎস্য প্রকল্পের পানিতে ফেলে দেওয়ারও অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা ভুক্তভোগীর কাছ থেকে নগদ ৫ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও একটি ছাতা নিয়ে যায়।
ভুক্তভোগীর স্বজনরা বিষয়টি স্থানীয় পুলিশ ফাঁড়িতে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে তাকে প্রথমে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে থানায় মামলা দায়ের করেন।
লামা থানা পুলিশ জানায়, মামলাটি দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩০৭, ৩৭৯, ৫০৬(২) ও ১১৪ ধারায় নথিভুক্ত করা হয়েছে। মামলায় মোট নয়জনকে আসামি করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) দীপন পাল জানান, ঘটনার বিষয়ে নিয়মিত মামলা রুজু হয়েছে। আসামিদের গ্রেপ্তার এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ কাজ করছে।

