আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে আঙ্গুর চাষ করে সফলতা পেয়েছেন তরুণ উদ্যোক্তা আবু হুরায়রা। জীবিকার তাগিদে বিদেশ যেতে চাওয়া হুরায়রা এখন বিদেশি জাতের আঙ্গুরের বাগান করেই সফল হয়েছেন। বাবার ২৫ শতক জমিতে আঙ্গুরের বাগান করে লাখ টাকা লাভের স্বপ্ন দেখছেন তিনি। প্রতিটি গাছের ডগায় থোকায় থোকায় ঝুলছে সুস্বাদু ও মিষ্টি আঙ্গুর।
উপজেলার সীমান্তবর্তী আয়মারসুলপুর ইউনিয়নের উত্তর জয়দেবপুর গ্রামের আবু হুরায়রা পড়াশোনা শেষে কাজের সন্ধানে ইতালি যেতে চেয়েছিলেন। তবে বিদেশে না গিয়ে এক প্রবাসীর পরামর্শে আঙ্গুরের বাগান গড়ে তোলেন। বর্তমানে তার বাগানে লাল ও সবুজ রঙের আঙ্গুরের সমারোহ নজর কাড়ছে সবার।
হুরায়রার বাগানে বাইকুনুর, রিলায়েন্স ও ডিক্সনসহ পাঁচ জাতের ৬০টি আঙ্গুরের চারা রোপণ করা হয়েছে। অক্লান্ত পরিশ্রমে মাত্র সাত মাসের মধ্যেই প্রতিটি গাছে ফল ধরেছে। ইতোমধ্যে তিনি আঙ্গুর বিক্রি শুরু করেছেন।
স্থানীয় কৃষি বিভাগ থেকে তেমন সহযোগিতা না পেলেও জাকস ফাউন্ডেশন নামের একটি এনজিও তাকে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়েছে। একই সঙ্গে জাকস ফাউন্ডেশনের কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন শাহিনের পরামর্শে বাগান করার পাশাপাশি নিজেই বিদেশি আঙ্গুরের চারা উৎপাদন করছেন।
শ্রমিক ছাড়াই বাবা ও ভাইয়ের সহযোগিতায় হুরায়রা আঙ্গুরের বাগান পরিচালনা করছেন। বর্তমানে তিনি একজন সফল কৃষি উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন।
প্রতিদিন আবু হুরায়রার আঙ্গুরের বাগান দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। তাদের কাছে তিনি নিজের উদ্যোক্তা হয়ে ওঠার গল্প তুলে ধরছেন।
সচেতন মহলের মতে, পড়াশোনা শেষে শুধু চাকরির পেছনে না ছুটে হুরায়রার মতো তরুণদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। তাহলেই কৃষিপণ্যে দেশ আরও স্বনির্ভর হয়ে উঠবে।

