সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবি সীমান্তে পুশইন রুখতে ইউএনওর মতবিনিময় সভা

পাঁচবিবি সীমান্তে পুশইন রুখতে ইউএনওর মতবিনিময় সভা

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক পুশইন, সীমান্ত আইন অমান্য করে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা প্রদান এবং মাদক চোরাচালান বন্ধে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে হাটখোলা সীমান্তের শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন।

এ সময় উপস্থিত ছিলেন হাটখোলা বিওপির কমান্ডার সুবেদার মোতালেব হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সীমান্তের সাম্প্রতিক ঘটনাগুলো আমাদের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অত্যন্ত সাহসিকতা ও আন্তরিকতার সঙ্গে মোকাবিলা করছে। আপনারা যারা সীমান্ত এলাকায় বসবাস করেন, তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে সীমান্ত এলাকার সমস্যাগুলো শুধু বিজিবি সদস্যদের একার পক্ষে সমাধান করা সম্ভব নয়। এ ক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন কাউকে দেখলে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবিকে তথ্য দিয়ে সহায়তা করবেন।

এর আগে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের কড়িয়া বাজারেও মতবিনিময় সভা করেন ইউএনও। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মামুনুর রশিদ মিলটনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *