আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): মধুমাস জ্যৈষ্ঠের আগমনী বার্তায় জয়পুরহাটের পাঁচবিবি বাজার সয়লাব রসালো ফল লিচুতে। দিনাজপুরের বাগান থেকে সরাসরি আনা টাটকা, মিষ্টি ও সতেজ লিচুতে ভরে গেছে বাজারের ফুটপাত ও দোকানগুলো। আকার ও জাতভেদে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে মধুমাসের জনপ্রিয় এই ফল।
পাঁচবিবির ফলের দোকানগুলো ছাড়াও মৌসুমি ফল ব্যবসায়ীরা ফুটপাত ও অলিগলিতে ঝুড়িতে করে থরে থরে সাজিয়ে রেখেছেন লিচু। ঝুড়িগুলোতে দেখা যায় বোম্বাই, বেদানা, চায়না-৩ ও মাদ্রাজি জাতের লিচু। পাতাসহ ঝুড়িভর্তি টসটসে লাল লিচু ক্রেতাদের নজর কাড়ছে। প্রতি ১০০টি লিচু বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। তবে আকারে বড় ও অধিক মিষ্টি চায়না-৩ জাতের লিচু বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকায়।
লিচু বিক্রেতা চান মিয়া বলেন, দিনাজপুরের বাগান থেকে সরাসরি টাটকা ও সতেজ লিচু এনে নিয়মিত পাঁচবিবিসহ বিভিন্ন হাট-বাজারে বিক্রি করি। বাগান থেকে গাছপাকা লিচু ভোরে সংগ্রহ করে দুপুরের আগেই বাজারে নিয়ে আসি। তাই লিচুগুলো একদম সতেজ ও তাজা থাকে। বর্তমানে জ্যৈষ্ঠ মাস হওয়ায় বাজারে লিচুর চাহিদা কিছুটা বেশি। বেচাকেনাও মোটামুটি ভালো। দামও ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে।
অনেক ক্রেতা জানান, দিনাজপুরের লিচুর আলাদা একটি সুনাম রয়েছে। গত বছরের তুলনায় এবার দামও কিছুটা কম মনে হচ্ছে। তাই পরিবারের সদস্যদের জন্য লিচু কিনছেন তারা।
স্থানীয় কৃষি বিভাগ জানায়, অনুকূল আবহাওয়ার কারণে এবার লিচুর বাম্পার ফলন হয়েছে। পাঁচবিবি উপজেলায় ছোট-বড় বেশ কিছু লিচুর বাগান রয়েছে। এছাড়া অনেকেই বাড়ির পাশেও লিচুগাছ লাগিয়েছেন, যেগুলোতেও ভালো ফলন হয়েছে।

