আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবির কড়িয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আনিছুর রহমান তাঁর সম্পাদিত প্রথম গ্রন্থ ‘আলোকিত পথে’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিনকে উপহার দিয়েছেন।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে অধ্যক্ষ আনিছুর রহমান বইটি ইউএনওর হাতে তুলে দেন।
এ সময় ইউএনও কাশপিয়া তাসরিন শিক্ষকতার পাশাপাশি বই লেখার উদ্যোগ নেওয়ায় অধ্যক্ষ আনিছুর রহমানের প্রশংসা করেন। তিনি আল্লাহ-রাসুল (সা.), ইহকাল ও পরকাল সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে- এমন বিষয়ভিত্তিক আরও ভালো বই লেখার পরামর্শ দেন।
অধ্যক্ষ মাওলানা আনিছুর রহমান বলেন, ইসলামের সঠিক আকিদা ও আল্লাহর সন্তুষ্টির পথ সম্পর্কে মানুষকে জানানোই ‘আলোকিত পথে’ বইটি লেখার মূল উদ্দেশ্য। আমার বিশ্বাস, বইটি পাঠকদের আল্লাহর নির্দেশিত পথে চলতে সহায়ক ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, ইউএনও মহোদয়ের পরামর্শ আমাকে আরও বেশি করে লেখালেখিতে অনুপ্রাণিত করেছে। তাঁর উৎসাহকে পুঁজি করে ভবিষ্যতে তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে আরও বই লেখার চেষ্টা করব।
লেখক জানান, ‘আলোকিত পথে’ বইটিতে ইসলামের মৌলিক বিষয়, নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ এবং পরকালীন মুক্তির পথ সম্পর্কে সহজ ভাষায় আলোচনা করা হয়েছে।

