ঢাকা: রাজধানীর মিরপুর-১১ এলাকার একটি ফ্ল্যাট থেকে বৃদ্ধা নুরজাহান বেগমের পচাগলা মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। প্রথমে মায়ের মৃত্যুর বিষয়টি অস্বীকার করলেও পরে তা স্বীকার করেছেন সরকারের যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমান।
বুধবার (৩ জুন) মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর মো. শফিকুল ইসলাম সরকার জানান, পুলিশি ঝামেলা এড়াতে আনিসুর রহমান শুরুতে বিষয়টি অস্বীকার করেছিলেন। পরে তিনি মায়ের মৃত্যুর তথ্য স্বীকার করেন।
এ ঘটনায় আনিসুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি সচিবালয়ে পর্যালোচনা করা হচ্ছে বলে জানা গেছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রয়োজনে বাবা-মায়ের ভরণপোষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।
গত ৩১ মে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ মিরপুরের একটি ফ্ল্যাট থেকে নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে। তদন্তসংশ্লিষ্ট সূত্র ও স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন একাকী জীবনযাপন করছিলেন।
প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, নুরজাহান বেগমের দুই ছেলে দীর্ঘদিন আলাদা থাকতেন। তাদের একজন যুগ্ম সচিব একেএম আনিসুর রহমান এবং অন্যজন বুয়েটের অধ্যাপক একেএম আশিকুর রহমান। এছাড়া তার মেয়ে একজন স্কুলশিক্ষক বলে জানা গেছে।

