ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে স্বনির্ভর ডায়াগনস্টিক সেন্টার। বুধবার (২৭ মে ২০২৬) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দিনব্যাপী এ ক্যাম্পে সাধারণ মানুষের জন্য বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পে ডাক্তারের ভিজিট সম্পূর্ণ ফ্রি রাখা হয়। এছাড়া সকল প্যাথলজি পরীক্ষায় ২০ শতাংশ ছাড়, প্রতি ইসিজিতে ১০০ টাকা ছাড় এবং প্রতি আল্ট্রাসনোগ্রাফিতে ২০০ টাকা ছাড় প্রদান করে ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ।
ক্যাম্পে সেবা প্রদান করেন বাতব্যথা, মেডিসিন, আল্ট্রাসনোগ্রাফি ও শিশুরোগ বিষয়ে অভিজ্ঞ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক ডা. বিশ্ব জ্যোতি চাকমা। এছাড়া গাইনি ও আল্ট্রাসনোগ্রাফি বিশেষজ্ঞ ডা. মিউচিং মহাজন, জেনারেল চিকিৎসক ও সনোলজিস্ট ডা. উৎপল চাকমা এবং বাতব্যথা, মেডিসিন, শিশু ও গাইনি রোগ বিষয়ে অভিজ্ঞ চিকিৎসক ডা. প্রহর চাকমা উপস্থিত থেকে রোগীদের চিকিৎসাসেবা দেন।
জেনারেল চিকিৎসক ও সনোলজিস্ট ডা. উৎপল চাকমা জানান, “আজ আমরা ডাক্তাররা দিনব্যাপী ফ্রি চিকিৎসাসেবা দিয়েছি। সাধারণ মানুষের চিকিৎসাসেবা গ্রহণের মৌলিক অধিকার রয়েছে। খাগড়াছড়ির প্রত্যন্ত অঞ্চলের অনেক হতদরিদ্র মানুষ অর্থাভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। স্বনির্ভর ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা এ প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।”
স্বনির্ভর ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ধীমান খীসা জানান, পবিত্র ঈদকে সামনে রেখে দরিদ্র সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসা, স্বল্প খরচে ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই আজকের এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, দিনব্যাপী এ ক্যাম্পে প্রায় দেড় শতাধিক বিভিন্ন বয়সী মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
স্বনির্ভর ডায়াগনস্টিক সেন্টারের ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে ডায়াগনস্টিক সেন্টারের সহকারী অতীশ চাকমা, সহকারী ব্যবস্থাপক যাকোব চাকমা ও ল্যাব ইনচার্জ সুশীল জীবন চাকমাসহ স্বনির্ভর বাজারের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফ্রি চিকিৎসাসেবা পেয়ে সাধারণ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্বনির্ভর ডায়াগনস্টিক সেন্টারসহ সংশ্লিষ্ট চিকিৎসকদের জন্য দোয়া ও উত্তরোত্তর উন্নতি কামনা করেন।

