মনিরুল ইসলাম, নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ১ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি মোঃ খেজমত আলী (৫০), উপজেলার আঁচড়াখালি গ্রামের মৃত মাজম আলীর ছেলে। আহত মোঃ রফিকুল ইসলাম (৪২) একই গ্রামের মৃত সমসের আলীর ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দুজনই ভাঙারির ব্যবসায়ী। ট্রাকটি আটক করা হয়েছে। আটককৃত ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ড-১৪-২৪৩২।
রবিবার (২৪ মে) দুপুর ১টার দিকে নলডাঙ্গা উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের আঁচড়াখালি গ্রামে রাস্তার ওপর এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তারা দুইজনই ভাঙারির মালামাল বোঝাই ভ্যানে করে গ্রামগঞ্জ থেকে ভাঙারি মালামাল ক্রয় করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে আঁচড়াখালি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটির ওপর উঠে যায় এবং ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ভ্যানচালক খেজমত আলী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। ভ্যানে থাকা মোঃ রফিকুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।
সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে নলডাঙ্গা থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত হন। নিহতের মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
উক্ত ট্রাকটি স্থানীয় লোকজন পাটুল বাজার থেকে আটক করেন। তবে ট্রাকচালক পলাতক রয়েছেন।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে আটককৃত ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

