আকরামুজ্জামান আরিফ (কুষ্টিয়া): কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় নুরুল ইসলাম (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে স্টেশন পুলিশ। শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া কোর্ট স্টেশনে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করে পোড়াদহ রেলওয়ে স্টেশনের পুলিশ।
যুবকের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি থেকে জানা যায়, তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর এলাকার বজল আহমেদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়া মিললাইন রেলগেট অতিক্রম করার সময় ঈদের প্যান্ডেলের জন্য গেট নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকরা ট্রেনের ছাদে একজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সেখানে মোটরসাইকেল নিয়ে অপেক্ষমাণ এক সংবাদকর্মীকে শ্রমিকরা বিষয়টি জানান। পরে তার কাছ থেকে খবর পেয়ে পোড়াদহ রেলওয়ে পুলিশের সদস্যরা এসে মরদেহটি উদ্ধার করেন।
পোড়াদহ রেলওয়ে থানার এসআই নুরুল ইসলাম জানান, ট্রেনের ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের ফটোকপির মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

